![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে সমালোচনা যেন থামছেই না। টুর্নামেন্ট শুরুর আগে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়া ফিফা এবার নতুন করে সমালোচনার কেন্দ্রে এসেছে অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে একই ম্যাচের টিকিট কয়েক হাজার পাউন্ডে পুনরায় বিক্রির সুযোগ দেওয়ায়।
আগামী সোমবার শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচের জন্য ইংল্যান্ড সমর্থকদের কেনা কিছু টিকিট ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে অস্বাভাবিক উচ্চমূল্যে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সমর্থক সংগঠন।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, আলোচিত টিকিটগুলো ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের সদস্যরা গত ডিসেম্বরে অনুষ্ঠিত ব্যালটের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড শেষ ষোলো নিশ্চিত করার পর বুধবার থেকে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির টিকিট পুনরায় বিক্রির সুযোগ চালু করা হয়।
ঘটনার তীব্র সমালোচনা করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ)। বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনটি জানিয়েছে, ফিফা এমন একটি অনলাইন রিসেল ব্যবস্থা তৈরি করেছে, যেখানে টিকিট অতিরিক্ত দামে বিক্রির সুযোগ রয়েছে। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ করে কমিশন নেওয়া হচ্ছে।
সংগঠনটির ভাষ্য, বিশ্বকাপে সমর্থকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য তারা শুরু থেকেই ফিফার সমালোচনা করে আসছে। তবে একই সঙ্গে তারা এমন সমর্থকদেরও সমর্থন করে না, যারা নিজেরাই অযৌক্তিক দামে টিকিট বিক্রির চেষ্টা করছেন।
এর আগে টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে সমালোচনার জবাবে ফিফা জানিয়েছিল, তাদের ভ্যারিয়েবল বা ডায়নামিক প্রাইসিং ব্যবস্থা আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদন শিল্পের প্রচলিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংস্থাটির দাবি, দর্শক উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখা এবং প্রতিটি ম্যাচের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতেই চাহিদা অনুযায়ী টিকিটের দাম সমন্বয় করা হয়।
তবে সমর্থকদের একাংশের অভিযোগ, এই নীতির ফলে সাধারণ দর্শকদের জন্য বিশ্বকাপের টিকিট ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। রিসেল প্ল্যাটফর্মে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির সুযোগ সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।