• হোম > বাংলাদেশ > সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এগোচ্ছে : তথ্যমন্ত্রী

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এগোচ্ছে : তথ্যমন্ত্রী

  • শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৫:৫০
  • ৭১

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এগোচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক ও নগদবিহীন বা ক্যাশলেস ব্যবস্থায় রূপান্তর করা।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাতিঘর ও প্রথমা প্রকাশনীতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্প্রসারণবিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকারের মেয়াদেই দেশে সর্বোচ্চ পরিসরে প্রযুক্তিনির্ভর ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে নগদবিহীন লেনদেনে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু অতীতের সরকারগুলোর নীতিগত বিলম্ব ও ব্যর্থতার কারণে বাংলাদেশ এই খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সেই স্থবিরতা কাটিয়ে ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের নতুন যুগের সূচনা করেছে। এর ফলে সাধারণ মানুষ আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে আর্থিক লেনদেন করতে পারবেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তিনি দীর্ঘদিন ধরে আজিজ সুপার মার্কেটের বইয়ের দোকানগুলোর নিয়মিত ক্রেতা। এতদিন নগদ অর্থে বই কিনলেও এবার প্রথমবারের মতো ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধ করেছেন।

তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহার না করা পর্যন্ত একজন সাধারণ মানুষ বুঝতে পারেন না, লেনদেন কতটা সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হতে পারে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।’

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। পাশাপাশি এই কার্যক্রম বাস্তবায়নে যুক্ত ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’ মোবাইল ব্যাংকিং সেবাসহ সংশ্লিষ্ট সব ব্যাংকের ভূমিকাও তিনি প্রশংসা করেন।

তিনি দেশের জনগণকে নগদ লেনদেনের পরিবর্তে ‘বাংলা কিউআর’ কোডের মতো প্রযুক্তিনির্ভর ডিজিটাল পদ্ধতি ব্যবহারে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13075 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 10:19:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh