\
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা লিপিবদ্ধ করেন।
এর আগে তেহরানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিমানবন্দরে স্বাগত জানান। পরে তিনি ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে স্পিকার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে। সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
স্পিকার এ সময় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সফরের অংশ হিসেবে স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং খেলাধুলা খাতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া তিনি ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবার মান আরও উন্নত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করার কথাও জানান।