![]()
গত ২৪ ঘণ্টায় দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ফলে দেশে হামে আক্রান্ত এবং হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৯ জনে।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩৬ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট ৭২৯ শিশুর প্রাণহানি ঘটেছে।
সংক্রমণও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯৬৮ জন। একই সময়ে ৮৫১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৭৮৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জন।
এ সময়ে মোট ৮৭ হাজার ২৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৩ হাজার ৫৪৩ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।