![]()
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতা পৃথিবীর অন্যতম মহান পেশা, কারণ এই পেশার মাধ্যমে অর্জিত জ্ঞান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তারা সেই জ্ঞানকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেয়। তিনি জানান, নিজের কর্মজীবনের শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে এবং জীবনের সবচেয়ে উপভোগ্য সময়ও তিনি শিক্ষক হিসেবেই কাটিয়েছেন। আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় দ্রুত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়কে শুধু আরেকটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলের অপেক্ষাকৃত অনুন্নত এই জনপদকে শিক্ষা নগর হিসেবে গড়ে তুলতে মেধাবী শিক্ষক নিয়োগ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া হলেও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। তিনি জানান, মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত ক্যাম্পাসের স্থান নির্ধারণ করা হয়েছে এবং মাত্র দেড় মাসের মধ্যে প্রশাসনিক প্রস্তুতিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।