• হোম > বাংলাদেশ > জুলাই শহীদদের স্মরণে শনিবার জাতীয় স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদদের স্মরণে শনিবার জাতীয় স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

  • শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯:৪১
  • ৫৮

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে শনিবার (৪ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্মরণসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে স্মরণসভাটির আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করা হবে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ছাত্র সমাবেশ। ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর ধারাবাহিক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি চলবে এবং আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

আয়োজকদের আশা, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিগুলো নতুন প্রজন্মের কাছে গণতন্ত্র, অধিকার ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13029 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 01:21:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh