• হোম > বাংলাদেশ > মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী: সাংবাদিকদের নির্ভীক ও বস্তুনিষ্ঠ থাকার আহ্বান মির্জা ফখরুলের

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী: সাংবাদিকদের নির্ভীক ও বস্তুনিষ্ঠ থাকার আহ্বান মির্জা ফখরুলের

  • শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯:২৪
  • ৫৮

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রকে সুসংহত করতে পারে। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশ করতে হবে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভালো কাজ করবে তাকে যেমন যথাযথ স্বীকৃতি দিতে হবে, তেমনি অন্যায়, দুর্নীতি কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই প্রকৃত সাংবাদিকতার শক্তি। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে তাদের সঠিক পথে পরিচালিত করাও গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করাই সংবাদমাধ্যমের দায়িত্ব। তবে সত্য প্রকাশের কারণে অনেক সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রের ভিত্তি হিসেবে স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একটি দেশের গণতন্ত্র কতটা শক্তিশালী হবে, তা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও কার্যকর গণমাধ্যমের ওপর। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো কাজের প্রশংসা যেমন প্রয়োজন, তেমনি দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13023 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 11:04:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh