![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ছাড়ভিত্তিক কেনাকাটার উৎসব ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই আয়োজন। এতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২৫০টি ব্র্যান্ড অংশ নেবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবটির ঘোষণা দেন আয়োজকেরা। এ আয়োজনের মূল উদ্যোক্তা ইভেন্টকম, আর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ভেন্টোরা কমিউনিকেশনস লিমিটেড।
আয়োজকদের ভাষ্য, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-কে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাড়ভিত্তিক কেনাকাটার উৎসবে পরিণত করাই তাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ব্র্যান্ড এই উৎসবে অংশ নেবে।
এই উৎসবে দর্শনার্থীরা বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকবে আকস্মিক বিশেষ মূল্যছাড়, সীমিত সময়ের অফার এবং শুধুমাত্র উৎসব উপলক্ষে নির্ধারিত এক্সক্লুসিভ ডিসকাউন্ট।
আয়োজকদের মতে, এই আয়োজন শুধু ক্রেতাদের জন্য সাশ্রয়ী কেনাকাটার সুযোগই তৈরি করবে না, বরং দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে ভোক্তাদের সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নতুন গ্রাহক, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়ার সুযোগ পাবে এবং দেশের উদীয়মান ব্র্যান্ডগুলো নিজেদের আরও ব্যাপকভাবে তুলে ধরতে পারবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে যারা প্রদর্শনী স্টল বুকিং নিশ্চিত করবেন, তারা স্টল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
উৎসবের প্রকল্প পরিচালক মো. তাসলিম আমিন শোভন বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো ব্র্যান্ড ও ভোক্তাদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দেশের খুচরা বিক্রয় খাতকে নতুন গতি প্রদান করা।
পরিচালনা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে এ ধরনের বৃহৎ ডিসকাউন্ট উৎসব এই প্রথম। এর মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে, ক্রেতাদের আগ্রহ বাড়বে এবং দেশের রিটেইল খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারী ক্ষমতায়নবিষয়ক প্রধান সমন্বয়কারী জিন্নাত আরা বারী বলেন, এই উৎসব নারী উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। তারা এখানে নিজেদের পণ্য ভোক্তা, করপোরেট ক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
আয়োজকেরা আরও জানান, ভবিষ্যতে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’ প্রতিবছর আয়োজন করা হবে। পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ উৎসব সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় একই ধরনের ডিসকাউন্ট উৎসব অনুষ্ঠিত হবে।
এছাড়া ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও এই উৎসব সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।