• হোম > বাংলাদেশ > নতুন ভিসানীতি আনছে সরকার, বিদেশি বিনিয়োগ ও পর্যটনে জোর

নতুন ভিসানীতি আনছে সরকার, বিদেশি বিনিয়োগ ও পর্যটনে জোর

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ২০:১৪
  • ৩৬

---

ই-বাংলাদেশ ডেস্ক

বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, আধুনিক ও সুশৃঙ্খল করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালে জারিকৃত বিদ্যমান ভিসানীতি সংশোধন করে ‘ভিসা পলিসি ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, খসড়াটি আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন ভিসানীতির মাধ্যমে বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক ব্যবসা এবং দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করার পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা (Reciprocity) নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আধুনিক, সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলাও নতুন নীতির অন্যতম লক্ষ্য।

মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে বিকেল ৫টা ৫৫ মিনিটে শেষ হয়। সংশ্লিষ্টদের মতে, নতুন ভিসানীতি কার্যকর হলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12998 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 02:36:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh