• হোম > বাংলাদেশ > জুলাইজুড়ে বৃষ্টি, বজ্রপাত ও তাপপ্রবাহের আভাস, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ

জুলাইজুড়ে বৃষ্টি, বজ্রপাত ও তাপপ্রবাহের আভাস, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৯:০৯
  • ৮৭

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে বজ্রপাত, মৃদু তাপপ্রবাহ এবং কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত জুলাই ২০২৬ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তবে মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশের বিভিন্ন এলাকায় ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে নিম্নচাপ ও ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয়ভাবে জলাবদ্ধতা এবং নদী অববাহিকায় পানি বৃদ্ধি স্বাভাবিক ঘটনা। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12979 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 01:24:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh