![]()
ই-বাংলাদেশ ডেস্ক
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চলাচল আবারও শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা ও ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক বৈঠকে মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বৈঠকের পর ট্রেনটি চালুর ব্যাপারে নীতিগতভাবে সবুজ সংকেত পাওয়া গেছে।
জানা গেছে, ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় রেলপথের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। এখন ভারতীয় রেল মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেন চলাচলের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে দুই দেশের রেল যোগাযোগ স্থগিত ছিল।
এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে। ফলে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত স্বাভাবিক করার অংশ হিসেবে ধাপে ধাপে অন্যান্য আন্তঃদেশীয় ট্রেনও চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মিতালী এক্সপ্রেস চালু হওয়ার পর পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন, ব্যবসা এবং পারিবারিক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।