• হোম > বিদেশ | মধ্যপ্রাচ্য > খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া সতর্কবার্তা ইরানের

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া সতর্কবার্তা ইরানের

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮:৩৮
  • ৫৯

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।

ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদুল্লাহি এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ভুল সিদ্ধান্ত বা উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বা সামরিক আগ্রাসন হলে দেশের সশস্ত্র বাহিনী কঠোর ও শক্তিশালী জবাব দেবে।”

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর পবিত্র শহর কুম এবং প্রতিবেশী ইরাকে পৃথক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রথম দিনে নিহত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দেশটির রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বর্তমান পরিস্থিতিতে খামেনির জানাজাকে ঘিরে ইরানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই সতর্কবার্তাকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12969 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 02:22:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh