• হোম > অর্থনীতি > ভোক্তাদের স্বস্তি, এলপিজির নতুন দাম ঘোষণা; কমল ১২ কেজি সিলিন্ডারের মূল্য

ভোক্তাদের স্বস্তি, এলপিজির নতুন দাম ঘোষণা; কমল ১২ কেজি সিলিন্ডারের মূল্য

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭:৫৬
  • ১২৭

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বড় ব্যবধানে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন এই মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ২৯ টাকা ৭৬ পয়সা কমানো হয়েছে। ফলে প্রতি কেজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা। এ হিসেবে বাজারে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নতুন হার অনুযায়ী নির্ধারিত হবে।

শুধু গৃহস্থালি ব্যবহারই নয়, গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটো গ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ সিলিন্ডারের মূল্য আগের মতোই ৮২৫ টাকা থাকবে।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমতে শুরু করেছে। সেই প্রভাব বিবেচনায় এনে দেশের বাজারেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করছে বিইআরসি। এ ক্ষেত্রে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের মূল্য (Saudi CP) এবং ডলারের বিনিময় হারকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12961 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 03:12:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh