![]()
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানগামী ফ্লাইটে রওনা হন তিনি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। ১৯৮০ সালে তিনি স্বল্প সময়ের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই বছর ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তত্ত্বাবধানের দায়িত্বও পালন করেন।
পরবর্তীতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে দায়িত্ব পালন করেন।
জানাজা শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের।