![]()
বিশ্বকাপে মেক্সিকোর ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে বিজয় উদযাপনের সময় শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার (স্থানীয় সময়) মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানায়, শহরের অন্যতম প্রধান সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এস্তাদিও আজতেকায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর হাজারো সমর্থক ওই এলাকায় উদযাপনে অংশ নিয়েছিলেন।
নিহতদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী পুরুষ এবং অপর দুজন ১৯ ও ৪৮ বছর বয়সী নারী। স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য, শ্বাসরুদ্ধ হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্যাসেও দে লা রেফর্মার বিভিন্ন স্থান থেকে তিনজন অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি লেখেন, ‘স্থানীয় স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে যায়। তাদের বাঁচাতে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।’
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি তাদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সবাইকে আবারও অনুরোধ করছি, দায়িত্বশীলভাবে উদযাপন করুন।’
উল্লেখ্য, ইকুয়েডরকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে মেক্সিকো। প্রায় চার দশকের সেই অপেক্ষার অবসানে দেশজুড়ে শুরু হয়েছিল আনন্দ-উৎসব। কিন্তু সেই উদযাপনই শেষ পর্যন্ত তিনটি প্রাণহানির কারণে শোকাবহ ঘটনায় পরিণত হলো।