![]()
১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল মার্কিনরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। তার ফলও আসে প্রথমার্ধে। ফোলারিন বালোগুনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। বল দখলের লড়াইয়ে বসনিয়ার তারিক মুহারেমোভিচের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। ফলে প্রায় ২৬ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় স্বাগতিকদের।
একজন বেশি খেলোয়াড় নিয়ে বসনিয়া সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায়। একাধিক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। তৈরি হওয়া সুযোগগুলোও কাজে লাগাতে ব্যর্থ হয় বসনিয়ানরা।
এর আগে ৭৯তম মিনিটে একবার বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি যুক্তরাষ্ট্র। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ম্যাচের ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন মালিক টিলম্যান। তার নিখুঁত শট ক্রসবারের নিচ দিয়ে জালে জড়িয়ে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০। বসনিয়ার গোলরক্ষক বল ছুঁতে পারলেও গোল ঠেকাতে পারেননি।
শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।
এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামী সোমবার সিয়াটলে রাউন্ড অব ১৬-এ তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।
তবে সেই ম্যাচে বড় ধাক্কা হয়ে থাকছে ফোলারিন বালোগুনের লাল কার্ড। সরাসরি লাল কার্ড পাওয়ায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে যুক্তরাষ্ট্রকে।