• হোম > দেশজুড়ে | বাংলাদেশ | শিক্ষা > বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

  • বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ০১:২৯
  • ৮৮

বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক সংকট দূর করতে এই নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলেও বাজেটে এ বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়নি।’

বেতন বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, এ খাতে অতিরিক্ত ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেই অর্থের সংস্থান ছিল না। বাজেটে বরাদ্দ না থাকায় গত দুই মাস মাদ্রাসা শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে জুলাই মাস থেকেই বকেয়াসহ নিয়মিত বেতন পরিশোধ করা হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ইসলামী শিক্ষায় শিক্ষিতদের দল-মতের ঊর্ধ্বে উঠে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে জীবন পরিচালনা করতে হবে। এ সময় তিনি জাতীয় সংসদে জামায়াতে ইসলামী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে শিক্ষার্থীদের ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12935 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 02:16:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh