• হোম > বাংলাদেশ > অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ২১:০৪
  • ৭৫

 ---

সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ই-বাংলাদেশ ডেস্ক

সততা, দায়িত্বশীলতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বুধবার দুপুরে বঙ্গভবনে ল-রিপোর্টার্স ফোরামের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। আদালতের কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে ল-রিপোর্টাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, আইনসংক্রান্ত বিষয় সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরা এবং জনগণকে সচেতন করতেও আইনবিষয়ক সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি জানান, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

একই সঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এর আগে ল-রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12917 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 03:19:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh