• হোম > বাংলাদেশ > বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার জ্বালানি সহায়তার ইতিবাচক ইঙ্গিত জাপানের

বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার জ্বালানি সহায়তার ইতিবাচক ইঙ্গিত জাপানের

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ২০:৪২
  • ৭৮

---

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রতিনিধি দলের বৈঠক, গুরুত্ব পেল বড় উন্নয়ন প্রকল্প

ই-বাংলাদেশ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধন করা সম্ভব হবে।

বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে জাপান।

এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

জাপানি প্রতিনিধি দল বৈঠকে জানায়, বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি প্যাট্রোল বোট উপহার দেওয়া হবে।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

এ সময় জাপানের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12909 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 03:18:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh