• হোম > বাংলাদেশ > বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড : থানায় জিডি

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড : থানায় জিডি

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ২০:০৪
  • ৬৭

---

ই-বাংলাদেশ ডেস্ক 

বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ পত্রিকার নামে ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড সম্পর্কে পাঠক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট অন্যদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে গতকাল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৩৪৭২।

পত্রিকার বার্তা বিভাগের প্রধান জানান, একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া এবং বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়াচ্ছে। তাদের তৈরি করা ভুয়া ফটোকার্ড বিভিন্ন পেজ ও গ্রুপেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ফটোকার্ড ভুয়া ও ভিত্তিহীন। এগুলোর সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে পাঠকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষ জানায়, ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড দ্বারা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বন্ধ না করা হলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/dailybangladeshpratidin) এবং ওয়েবসাইট (https://www.bdpratidin.com/) অনুসরণের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের পক্ষে থানায় জিডি করেন প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) নাফিজ আজিম।

জিডিতে তিনি উল্লেখ করেন, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ প্রতিদিনের নাম ব্যবহার করে বিভিন্ন বিষয়ে সংবাদ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার ও ছড়িয়ে দিচ্ছে। এসব ভুয়া সংবাদের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ সাধারণ পাঠক ও জনসাধারণ এগুলোকে বাংলাদেশ প্রতিদিনের প্রকাশনা হিসেবে ভুল বুঝছেন। এর ফলে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে করে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অপচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে। জিডিতে তিনি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12903 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 05:56:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh