![]()
দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২৮ সাল থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সময় স্বল্পতার কারণে ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তাই ২০২৮ সাল থেকে এটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন শিক্ষাক্রম প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করার লক্ষ্যে কাজ করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন নতুন শিক্ষাক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে প্রচলিত পাঠ্যভিত্তিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে এসব বিষয়কে মূল শিক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা আরও জানান, নতুন শিক্ষাক্রমে কারিগরি ও পেশাগত শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা গড়ে তুলতে এসব বিষয় ধাপে ধাপে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরেন।