• হোম > শিক্ষা > রুয়েটে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি, ২,৫০০ গাছ লাগানোর ঘোষণা

রুয়েটে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি, ২,৫০০ গাছ লাগানোর ঘোষণা

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ১৯:০০
  • ৪৪

 ---

রুয়েট ক্যাম্পাসে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

ই-বাংলাদেশ ডেস্ক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে নতুন করে আড়াই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

বুধবার (১ জুলাই) রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন উপাচার্য।

উপাচার্য বলেন, পরিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তার অংশ হিসেবেই রুয়েটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করবে রুয়েট।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, আবাসিক হলের প্রভোস্ট, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক বাস্তবায়ন করা হয়।

অংশগ্রহণকারীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তাদের মতে, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12890 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 07:23:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh