কেপ ভার্দে ম্যাচের আগে শেষ অনুশীলনে আর্জেন্টিনা, একাদশ নিয়ে স্কালোনির ধোঁয়াশা
ই-বাংলাদেশ ডেস্ক
রাউন্ড অব ৩২-এর নকআউট লড়াইকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। আফ্রিকার প্রতিনিধি কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ কানসাসে শেষবারের মতো অনুশীলনে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অনুশীলন শেষে দলটি উড়াল দেবে ম্যাচের ভেন্যু মায়ামির উদ্দেশে।
প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচের আগের দিনই মায়ামিতে যাওয়ার পরিকল্পনা ছিল আর্জেন্টিনার। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে কানসাসেই আরও একটি পূর্ণাঙ্গ অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বের আগে দলকে আরও ভালোভাবে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় শুরু হবে আর্জেন্টিনার শেষ অনুশীলন। ধারণা করা হচ্ছে, সেশনটি রুদ্ধদ্বারেই অনুষ্ঠিত হবে। এই অনুশীলনেই স্কালোনি তার শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
অনুশীলন শেষে স্থানীয় সময় দুপুর ২টায় কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে আর্জেন্টিনা। সেখানে বৃহস্পতিবার হালকা অনুশীলন শেষে শুক্রবার স্থানীয় সময়, অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার ভোরে কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
নকআউট ম্যাচকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্কালোনির সম্ভাব্য একাদশ নিয়ে। এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি আর্জেন্টাইন কোচ। এমনকি সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনেও সম্ভাব্য মূল একাদশের খেলোয়াড়দের সঙ্গে অন্যদের একই রঙের জার্সি পরিয়ে কৌশলগত গোপনীয়তা বজায় রেখেছেন তিনি।
রক্ষণভাগে বাঁ দিকের পজিশনের জন্য নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। অন্যদিকে চোট কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরো পুরোপুরি ফিট হলে তিনি একাদশে ফিরবেন, নাকি অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন—সেটিও এখনো নিশ্চিত হয়নি।
তবে সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণভাগে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরুর একাদশে জায়গা পাবেন কে—লাউতারো মার্টিনেজ, নাকি হুলিয়ান আলভারেজ? আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন লাউতারো মার্টিনেজ। একই সঙ্গে ক্রিস্টিয়ান রোমেরো সম্পূর্ণ ফিট থাকলে তাকেও প্রথম একাদশে ফেরানোর সম্ভাবনা জোরালো।
সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে নকআউট লড়াইয়ের আগে আর্জেন্টিনা শিবিরে প্রস্তুতি যেমন শেষ পর্যায়ে, তেমনি স্কালোনির সম্ভাব্য একাদশ নিয়েও সমর্থকদের মধ্যে বাড়ছে কৌতূহল।