• হোম > বিদেশ > মেক্সিকোর ঐতিহাসিক জয় উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা, পদদলিত হয়ে নিহত ৩

মেক্সিকোর ঐতিহাসিক জয় উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা, পদদলিত হয়ে নিহত ৩

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ১৮:৪৩
  • ৩৪

---

বিশ্বকাপে ঐতিহাসিক জয় উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা, মেক্সিকোতে ভিড়ের চাপে নিহত ৩

ই-বাংলাদেশ ডেস্ক

বিশ্বকাপে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বের ম্যাচ জয়ের আনন্দে মেতে উঠেছিল মেক্সিকো। তবে সেই উল্লাস মুহূর্তেই পরিণত হয় শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে বিজয় উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে মেক্সিকো সিটির কেন্দ্রস্থল ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভ এলাকায় লাখো সমর্থক জড়ো হয়ে ঐতিহাসিক জয় উদযাপন করেন।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ। অতিরিক্ত জনসমাগমের কারণে তারা শ্বাসকষ্টে আক্রান্ত হলে ঘটনাস্থলে থাকা স্বাস্থ্যকর্মীরা দ্রুত সিপিআরসহ প্রাথমিক চিকিৎসা দেন এবং বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান।

তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনজনই মারা যান। ইতোমধ্যে নিহতদের মরদেহ তাদের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটির সরকারপ্রধান ক্লারা ব্রুগাডা মলিনা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ইকুয়েডরকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় মেক্সিকো। সেই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক সমর্থকের সমাগম ঘটে। তবে আনন্দঘন এই আয়োজন শেষ পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় রূপ নেয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12880 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 09:24:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh