• হোম > বাংলাদেশ | শিক্ষা > ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার চালু হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য ৬৫ লাখ টাকার জিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার চালু হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য ৬৫ লাখ টাকার জিম

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ১৫:৩২
  • ৭৪

---

ঢাবির ১০৫ বছরের ইতিহাসে প্রথম, নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম

ই-বাংলাদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জিমনেসিয়াম চালু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই জিমনেসিয়াম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারী শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফিমেল জিমনেসিয়াম চালু হতে যাচ্ছে। ডাকসুর উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই জিমনেসিয়াম নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এদিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না জানান, শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় মেয়েদের জিমনেসিয়াম স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “৩০ জুন ২০২৬ তারিখে জিমনেসিয়ামটির উদ্বোধনের পরিকল্পনা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে নির্ধারিত দিনে উদ্বোধন করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে শিক্ষার্থীরাও এখান থেকে সেবা নিতে পারবেন না।”

তিনি আরও জানান, এটি ডাকসুর অন্যতম বড় প্রকল্প। বিশেষ করে ডাকসুর ক্রীড়া সম্পাদকের উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে জিমনেসিয়ামটি নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পর নারী শিক্ষার্থীরা আধুনিক ব্যায়াম সরঞ্জামসমৃদ্ধ এই জিমনেসিয়াম ব্যবহার করে নিয়মিত শরীরচর্চার সুযোগ পাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, শারীরিক সক্ষমতা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে নতুন এই উদ্যোগ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12872 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 05:36:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh