![]()
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে অনলাইনের মাধ্যমে দেশের যেকোনো কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের শরীরেও থাকবে বডি-ওয়ার্ন ক্যামেরা।
মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান কার্যক্রম চলবে। এছাড়া সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য শনিবারের পরীক্ষাগুলো সূর্যাস্তের পর বিশেষ ব্যবস্থায় আয়োজন করা হবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন ছাত্রী এবং ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন ছাত্র। গত বছরের তুলনায় সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৩১৬ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫২ হাজার ১১ জন ছাত্র এবং ৪০ হাজার ৮৯৪ জন ছাত্রী। গত বছরের তুলনায় এ বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০৩ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৭ হাজার ৫৫২ জন ছাত্র এবং ৩০ হাজার ৪১২ জন ছাত্রী। এ বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৬৪৭ জন।
এদিকে নিয়মিত শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ এবার পরীক্ষার ফরম পূরণ করেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে নিবন্ধিত শিক্ষার্থীদের ৩৩ দশমিক ০৪ শতাংশ ফরম পূরণ করেনি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ হার ৪৪ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৪ দশমিক ৫৮ শতাংশ।