• হোম > বাংলাদেশ > রেমিট্যান্স সেবা সহজ করতে রূপালী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

রেমিট্যান্স সেবা সহজ করতে রূপালী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ১৪:৪৫
  • ৫৭

রেমিট্যান্স সেবা সহজ করতে রূপালী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিতে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর দিলকুশাস্থ  রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রূপালী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং নগদের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মুতাছিম বিল্লাহ।

এই চুক্তির আওতায় বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে রূপালী ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। রূপালী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সেই অর্থ সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। ফলে দেশের যেকোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘন্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং প্রবাসী বাংলাদেশিদের আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে, রূপালী ব্যাংক  নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী,মো. ইসমাইল  হোসেন শেখ, মো. মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নগদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, “দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স, নিরাপদ ও দ্রুত সময়ে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা সবসময় বাড়তি গুরুত্ব দিয়ে থাকি। নগদের সঙ্গে এই চুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও রেমিট্যান্স পৌঁছে দেওয়া আরও সহজ হবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মুতাছিম বিল্লাহ  বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রতিটি পয়সা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপালী ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে উপকারভোগীরা দ্রুত, নিরাপদ এবং ঝামেলাহীনভাবে সরাসরি নগদ ওয়ালেটে রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে দেশের যেকোনো প্রান্তে ছড়িয়ে থাকা বিস্তৃত নগদ নেটওয়ার্কের মাধ্যমে সহজে এই অর্থ ব্যবহার কিংবা প্রয়োজন হলে সর্বনিম্ন খরচে ক্যাশআউট করতে পারবেন। এই উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি  এবং দেশের ডিজিটাল আর্থিক  অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12858 ,   Print Date & Time: Sunday, 23 August 2026, 11:41:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh