• হোম > খেলা | ফুটবল > ব্রাজিলের কাছে কখনো হারেনি নরওয়ে

ব্রাজিলের কাছে কখনো হারেনি নরওয়ে

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ১১:০১
  • ৫২

ব্রাজিলের কাছে কখনো হারেনি নরওয়ে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে হারের হতাশা কাটিয়ে নকআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। এবার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ইতিহাস বলছে, এই লড়াই মোটেও সহজ হবে না সেলেসাওদের জন্য।

বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সি স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা ব্রাজিলকে কাগজে-কলমে এগিয়ে রাখা হলেও অতীতের পরিসংখ্যান নরওয়েকেই বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে নরওয়ে একাধিকবার মুখোমুখি হয়েও ব্রাজিলের কাছে কখনো হারেনি। এখন পর্যন্ত চারবারের দেখায় দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালে একটি প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সবাইকে চমকে দেয় নরওয়ে।

প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল ১৯৯৮ আসরের গ্রুপ পর্বে। বেবেতোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও পরে তোরে আন্দ্রে ফ্লো ও কিয়েতিল রেকদালের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় নরওয়ে। সেটিই ছিল বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ।

এরপর ২০০৬ সালে সর্বশেষ প্রীতি ম্যাচে আবারও ব্রাজিলকে জিততে দেয়নি নরওয়ে। দানিয়েল কারভালহো ও মর্টেন পেডারসেনের একেকটি গোলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। প্রায় দুই দশক পর এবার আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল, তবে এবার নকআউট পর্বে।

চলতি বিশ্বকাপে নরওয়ে এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জয় পেয়েছে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউটে ওঠার পর ফ্রান্সের কাছে হেরে কিছুটা ধাক্কা খেলেও রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মার্টিন ওডেগার্ড ও আর্লিং হালান্ডের দল।

অন্যদিকে ব্রাজিল টুর্নামেন্ট শুরু করেছিল মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। এরপর স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে তারা। নকআউটের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ইতিহাসে নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল এবার সেই পরিসংখ্যান বদলাতে চায়। আর নরওয়ের লক্ষ্য থাকবে নিজেদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ন রেখে বিশ্বকাপের অন্যতম ফেভারিটকে বিদায় করে আরও একটি বড় চমক উপহার দেওয়া।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12846 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 07:22:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh