• হোম > খেলা | ফুটবল > ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা গণিতবিদকে ধুয়ে দিলেন নেইমার

ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা গণিতবিদকে ধুয়ে দিলেন নেইমার

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ০১:০৮
  • ৫২

ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা গণিতবিদকে ধুয়ে দিলেন নেইমার

চলতি বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের পর জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপান ব্রাজিলকে হারাবে এবং শেষ পর্যন্ত নেদারল্যান্ডস বিশ্বকাপ জিতবে—এমন গাণিতিক পূর্বাভাস দিয়েছিলেন ক্লেমেন্ট। কিন্তু বাস্তবে সেই দুই ভবিষ্যদ্বাণীই ভুল প্রমাণিত হওয়ায় তাকে নিয়ে রসিকতা করেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমার লিখেন, ‘মি. জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

নেইমারের খোঁচা সেখানেই থেমে থাকেনি। কয়েক ঘণ্টা পর আরেকটি নকআউট ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে নেদারল্যান্ডসও বিশ্বকাপ থেকে বিদায় নিলে আবারও এক্সে পোস্ট দেন তিনি। এবার সংক্ষিপ্ত মন্তব্যে লেখেন, ‘আপনি আবারও ভুল করলেন।’

উল্লেখ্য, জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন যথাক্রমে জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনার নাম সঠিকভাবে পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন। তবে এবারের পূর্বাভাস প্রকাশের সময় তিনি নিজেই সতর্ক করে বলেছিলেন, বিশ্বকাপের বিজয়ী নিখুঁতভাবে নির্ধারণ করা প্রায় অসম্ভব এবং তার মডেলকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন নেই।

ক্লেমেন্টের গাণিতিক মডেলটি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, কোনো দেশে ফুটবলের জনপ্রিয়তা এবং ফিফা র‌্যাঙ্কিংসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছিল।

অন্যদিকে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা নেইমার এখন পর্যন্ত চোট ও ফিটনেস সমস্যার কারণে টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12839 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 05:16:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh