![]()
২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং, কার্গো পরিবহন, জাহাজ আগমন এবং রাজস্ব আয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। মঙ্গলবার প্রকাশিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রধান সমুদ্রবন্দরে এ অর্থবছরে মোট ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৭৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এ সংখ্যা ছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ, আর ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউ। ফলে দুই বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে সাড়ে তিন লাখেরও বেশি টিইইউ।
কার্গো হ্যান্ডলিংয়েও নতুন উচ্চতায় পৌঁছেছে বন্দর। ২০২৫-২৬ অর্থবছরে মোট ১৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টন কার্গো ওঠানামা হয়েছে, যা আগের বছরের ১৩ কোটি ৭ লাখ ২০ হাজার টনের তুলনায় ৫ দশমিক ৩৬ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এ পরিমাণ ছিল ১২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টন। একই সময়ে জাহাজ আগমনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ অর্থবছরে বন্দরে ভিড়েছে ৪ হাজার ৩২৪টি জাহাজ, যা আগের বছরের ৪ হাজার ৭৭টির তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এ সংখ্যা ছিল ৩ হাজার ৯৭১টি।
পরিচালন দক্ষতাও বেড়েছে বন্দরের। কনটেইনারবাহী একটি জাহাজের গড় অবস্থানকাল ২ দশমিক ৫৮ দিন থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ২ দশমিক ৩৮ দিনে নেমে এসেছে, যা জাহাজ পরিচালনায় অধিক দক্ষতার ইঙ্গিত দেয়।
আর্থিক সূচকেও বড় অগ্রগতি এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬২৯ কোটি টাকায়। আগের অর্থবছরে রাজস্ব ছিল ৫ হাজার ৩৬৬ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ছিল প্রায় ৪ হাজার ৮৩০ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের মতে, বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের সুফলের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
রেকর্ড অর্জনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও মূল্যস্ফীতির চাপ থাকা সত্ত্বেও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের পরিচালন ব্যয় কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৯৫১ কোটি টাকায়, যেখানে আগের অর্থবছরে এ ব্যয় ছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা। ফলে প্রায় ৪৩৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, ব্যয় কমলেও বন্দরের সেবার মান বা কার্যক্রমে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি।