![]()
ই-বাংলাদেশ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে তার স্ত্রীও রায় প্রত্যাখ্যান করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইনু বলেন, “প্রহসনের বিচারের সাজা দিলো, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম।”
এ সময় প্রিজন ভ্যানে থাকা অন্য কয়েকজন আসামিকে “জয় বাংলা” স্লোগান দিতে দেখা যায়।
অন্যদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত ইনুর স্ত্রী রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “ইনুর বিরুদ্ধে দেওয়া এই রায় প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। আমরা সংক্ষুব্ধ। আমরা আইনজীবী, পরিবার ও দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন। আদালতের রায়ে তিনটি অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে মোট ৩০ বছরের সাজা ঘোষণা করা হলেও, সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।
মামলাটি জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, ষড়যন্ত্র এবং আন্দোলন দমনে উসকানির অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল।