• হোম > বিদেশ | মধ্যপ্রাচ্য > হরমুজ প্রণালি নিয়ে কড়া অবস্থানে ইরান, লেবানন-ইসরায়েল চুক্তি নিয়ে নতুন বিতর্ক

হরমুজ প্রণালি নিয়ে কড়া অবস্থানে ইরান, লেবানন-ইসরায়েল চুক্তি নিয়ে নতুন বিতর্ক

  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫:৫৯
  • ৩৯

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়ে তিনি বলেন, দখলদার বাহিনী সরে না গেলে লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে আজিজি বলেন, হরমুজ প্রণালি ইরানের জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ এবং এর ব্যবস্থাপনার পূর্ণ দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতেই রয়েছে।

তিনি আরও বলেন, লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার প্রয়োজন নেই। বরং ইসরায়েলের দখলদারিত্ব এবং আগ্রাসনের অবসানই এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

এদিকে লেবাননের পার্লামেন্টের স্পিকার এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র নাবিহ বেরি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছেন।

আমাল মুভমেন্টের প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান রূপে এই চুক্তি লেবাননের স্বার্থ রক্ষা করে না এবং এটি কার্যকর হওয়ারও সুযোগ নেই।

নাবিহ বেরির ভাষ্য, এই চুক্তিতে ইসরায়েলি বাহিনীকে দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে এটি লেবাননের অধিকার নিশ্চিত করার পরিবর্তে চাপিয়ে দেওয়া শর্তের একটি কাঠামোতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত ইসরায়েল লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার না করবে এবং সামরিক হামলা বন্ধ না করবে, ততদিন এ ধরনের কোনো চুক্তি বাস্তবসম্মত বা কার্যকর হতে পারে না।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের পুনরায় কঠোর অবস্থান এবং লেবানন ইস্যুতে সাম্প্রতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12788 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 12:06:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh