• হোম > বাংলাদেশ > এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কড়াকড়ি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে প্রবেশে নিষেধাজ্ঞা

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কড়াকড়ি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে প্রবেশে নিষেধাজ্ঞা

  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫:৫৫
  • ৩৮

---

এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, ডিএমপির নির্দেশ

ই-বাংলাদেশ ডেস্ক: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি আরও জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12786 ,   Print Date & Time: Sunday, 23 August 2026, 11:24:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh