• হোম > বাংলাদেশ > বিটিভি প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানালেন তথ্যমন্ত্রী

বিটিভি প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানালেন তথ্যমন্ত্রী

  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫:১৮
  • ৫১

---

ই-বাংলাদেশ ডেস্ক: বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ারের জানাজা রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ জানাজায় পরিবারের সদস্য, সহকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন এবং বিটিভির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জানাজায় উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর থেকে একজন খাঁটি শিল্পী। দেশের প্রতিভাবান ব্যক্তিত্বদের তালিকা করলে তিনি প্রথম সারির অনন্য মানুষ হিসেবে বিবেচিত হবেন।

মন্ত্রী বলেন, কৈশোর থেকেই দেশের মানুষ মুস্তাফা মনোয়ারের সৃজনশীল কাজের সঙ্গে পরিচিত। শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতির নানা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দক্ষ নেতৃত্ব দিয়ে দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন।

তথ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেন।

জানাজায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, বিটিভির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রয়াত শিল্পীর দীর্ঘদিনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিল্প, সাহিত্য ও গণমাধ্যমে তাঁর দীর্ঘদিনের অবদান বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12773 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 03:51:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh