• হোম > খেলা | ফুটবল > জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৫
  • ৫১

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানির বিপক্ষে ম্যাচে প্যারাগুয়েকে বড় আন্ডারডগ হিসেবেই দেখা হচ্ছিল। তবে সব পূর্বাভাস ভুল প্রমাণ করে টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। এই ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া।

এই জয়ের নায়ক গোলরক্ষক অরল্যান্ডো হিল। পুরো ম্যাচজুড়েই একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন তিনি। টাইব্রেকারে দুইটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে জয়ের ভিত্তি গড়ে দেন এই গোলরক্ষক।

ম্যাচের পরিসংখ্যানেও জার্মানির আধিপত্য ছিল স্পষ্ট। বলের দখল থেকে শুরু করে আক্রমণ—সব ক্ষেত্রেই এগিয়ে ছিল তারা। জার্মানি গোলে ২১টি শট নেয়, যেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র সাতটি। তবুও দৃঢ় রক্ষণ এবং হিলের অসাধারণ গোলকিপিংয়ে ম্যাচে টিকে থাকে প্যারাগুয়ে।

তবে নির্ধারিত সময়ে একটি ভুল করেছিলেন হিল। ৫৪ মিনিটে কাই হাভার্টজের সমতাসূচক গোলটি ঠেকাতে ব্যর্থ হন তিনি। এরপর অতিরিক্ত সময়ের ১২ মিনিটে জার্মানির সম্ভাব্য জয়সূচক গোলটি ভিএআরের মাধ্যমে বাতিল হয়ে যায়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে জোনাথান তাহ গোলরক্ষক হিলকে বাধা দিয়েছিলেন।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম শটেই হাভার্টজের পেনাল্টি ডান হাতে ঠেকিয়ে প্যারাগুয়েকে এগিয়ে দেন হিল। প্রথম তিনটি স্পট কিক সফলভাবে জালে পাঠিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর নিক ভল্টেমাডের শটও রুখে দেন হিল।

এরপরও নাটকীয়তা শেষ হয়নি। জয়ের সুযোগ পেয়েও আন্তোনিনো সানাব্রিয়া পেনাল্টি বাইরে মারেন। পরে ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে আশা জাগান জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ফলে শুটআউট গড়ায় সাডেন ডেথে।

সাডেন ডেথে জার্মানির জোনাথান তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর হোসে কানালে কোনো ভুল না করে নয়্যারকে পরাস্ত করলে উল্লাসে ফেটে পড়ে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ে তারা নিশ্চিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।

আগামী শনিবার ফিলাডেলফিয়ায় শেষ আটের লড়াইয়ে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেন।

ঐতিহাসিক এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সোমবার রাতেই প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া মঙ্গলবারকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন। সরকারি ঘোষণায় বলা হয়, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতিস্বরূপ ৩০ জুনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলো।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12753 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 05:20:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh