![]()
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খান-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার (২৯ জুন) এ বিষয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আহসান হাবিব বিসিএস পরীক্ষায় নিজ ব্যাচে প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকেও প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিশেষ করে সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি, অর্থ পাচার ও বড় ধরনের আর্থিক অনিয়মের বিরুদ্ধে একাধিক আলোচিত তদন্ত পরিচালনার মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে পরিচালিত বেশ কয়েকটি অনুসন্ধানে উচ্চমূল্যের কর ফাঁকি ও আর্থিক অনিয়মের তথ্য উদ্ঘাটিত হয়েছিল।
বর্তমানে আহসান হাবিব বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নতুন নিয়োগের মাধ্যমে দেশের কর প্রশাসন আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।