• হোম > ক্রিকেট | খেলা > ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

  • সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৪
  • ৮৪

ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

তিলক ভার্মার লড়াকু ইনিংসও যথেষ্ট হয়নি, টানা ১৬ টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার ধারার ইতি ভারতের

টানা দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড। বেলফাস্টে রোববার (২৮ জুন) অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারের রোমাঞ্চে ১ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। এই হারের মধ্য দিয়ে ২০২৩ সালের পর প্রথমবার কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের স্বাদ পেল ভারত। একই সঙ্গে শেষ হলো তাদের টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে অপরাজিত থাকার দারুণ ধারাও।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক সূচনা করে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই দুটি ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে নেন রস অ্যাডেয়ার। তবে ভারতীয় পেসাররা দ্রুতই ম্যাচে ফেরে। পাওয়ার প্লের পর স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৪ রান।

এরপর অভিষিক্ত প্রিন্স যাদব আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট হিসেবে ফেরান অধিনায়ক লরকান টাকারকে। ৫৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। সেখান থেকে হ্যারি টেক্টর ও বেনজামিন ক্যালিটজ ৬৫ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন। টেক্টর ৫৩ ও ক্যালিটজ ৩৭ রান করেন।

শেষ দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানেই থামে আয়ারল্যান্ড। ভারতের হয়ে প্রিন্স যাদব ২২ রানে ৩টি এবং শিবম দুবে ২৫ রানে ২টি উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ভয়াবহ ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এরপর শ্রেয়াস আইয়ার ৪ রান করে আউট হলে কোনো রান যোগ হওয়ার আগেই ৩ উইকেট হারায় সফরকারীরা। ঈশান কিষাণ রানআউট হলে ৩৫ রানেই চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে ভারত।

সেখান থেকে তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল কিছুটা প্রতিরোধ গড়েন। বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকলেও লক্ষ্য অপরিবর্তিত ছিল। অক্ষর ও শিবম দুবে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে ৪৭ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস খেলেন তিলক ভার্মা।

শেষ দিকে হর্ষিত রানা ম্যাচ জমিয়ে তোলেন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান। ওয়াইড, নো-বল ও বাউন্ডারিতে উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারেনি ভারত। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। প্রিন্স যাদব ছক্কা মারলেও তা কেবল ব্যবধানই কমাতে পারে। ২০ ওভারে ১৫৩ রান তুলেই থামে ভারতের ইনিংস, ফলে ১ রানের ঐতিহাসিক জয় পায় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের হয়ে জয় মুন্দ্রা ও ম্যাথু হল্যান্ড তিনটি করে উইকেট শিকার করেন। এই জয়ে শুধু সিরিজই নয়, ভারতের বিপক্ষে নিজেদের অন্যতম স্মরণীয় টি-টোয়েন্টি সাফল্যও অর্জন করল আইরিশরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12697 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 04:44:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh