![]()
জাপানের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে নেইমারকে আগের চেয়ে বেশি সময় মাঠে পাওয়া যাবে বলে আশাবাদী ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সোমবার হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে তারকা এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে।
পায়ের মাংসপেশির চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রায় আড়াই বছর পর জাতীয় দলের জার্সিতে ফেরেন তিনি। তবে সেদিন মাত্র ১৫ মিনিট খেলেই মাঠ ছাড়েন।
রোববার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে নেইমারের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে সে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি, যা অবশ্যই হতাশাজনক ছিল। তবে এখন সে আরও বেশি সময় খেলার মতো অবস্থায় আছে।’
বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা হয়েছিল মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনিয়া। ভিনিসিয়ুস করেছেন চার গোল, আর কুনিয়ার নামের পাশে রয়েছে তিনটি গোল।
জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নেইমারকে বড় ভূমিকায় দেখার অপেক্ষায় ব্রাজিল। তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাবে বলেই বিশ্বাস কোচিং স্টাফের।