• হোম > বাংলাদেশ | শিক্ষা > প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

  • রবিবার, ২৮ জুন ২০২৬, ২৩:১০
  • ৫৫

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একযোগে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই সবুজায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ লাগানো হবে।

আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।

প্রাথমিকভাবে কর্মসূচিটি সোমবার সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জলবায়ু সচেতনতা বাড়াতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে স্থানীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ আয়োজনকে অংশগ্রহণমূলক করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি উপলক্ষে প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিরও আয়োজন করা হবে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের উদ্ভাবকদের স্টল পরিদর্শন করবেন এবং সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ আয়োজনের প্রস্তুতি পরিদর্শনে আজ বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12681 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 05:25:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh