![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক মধ্যাহ্নভোজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আমন্ত্রণে জাতীয় সংসদ ভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।’
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।