![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ঢাকা: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ওই সময়ে যমুনার অন্দরে ও কিনারায় সংঘটিত কথিত দুর্নীতির বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে যমুনার অন্দরে এবং আশপাশে ভয়াবহ দুর্নীতি সংঘটিত হয়েছে। এসব ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে দুদকের মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার যে বাজেট প্রণয়ন করেছে, তার ইতিবাচক প্রভাব আগামী ছয় মাসের মধ্যেই দেশের সাধারণ মানুষ অনুভব করতে পারবেন। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং অর্থনৈতিক পরিকল্পনার সুফল ধীরে ধীরে জনগণের কাছে দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদে বাজেট আলোচনায় অংশ নেওয়া অন্যান্য সদস্যদের মতো তিনিও সুশাসন, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।