• হোম > বিদেশ > সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

  • রবিবার, ২৮ জুন ২০২৬, ২১:২৯
  • ৬৪

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

সৌদি আরবে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে ১৫ হাজার ২৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযান সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত হয়।

শনিবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫৮৯ জন আবাসন (রেসিডেন্সি) আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৪৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এবং ৩ হাজার ১৯৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

একই সময়ে ১১ হাজার ২৯৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৫ হাজার ১০৯ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে, দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ৩ হাজার ৬১৮ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় ১ হাজার ৭৬৩ জনকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে আরও ২২ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে ১৬ হাজার ৩৬৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ১৪ হাজার ২৯৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৩ জন নারী রয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কোনো ব্যক্তিকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করেন, তাদের পরিবহন করেন, আশ্রয় দেন বা অন্য কোনোভাবে সহযোগিতা বা সেবা প্রদান করেন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত বাড়িঘরও জব্দ করা হবে।

মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞরা মনে করেন, অবৈধ অভিবাসন রোধে আইন প্রয়োগের পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি এবং অভিবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এদিকে সৌদি কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের অবৈধ অভিবাসন বা আইন লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12669 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 08:03:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh