• হোম > বিদেশ > পারমাণবিক বোমা অর্জনের পক্ষে সওয়াল আইআরজিসি-ঘনিষ্ঠ গণমাধ্যমের

পারমাণবিক বোমা অর্জনের পক্ষে সওয়াল আইআরজিসি-ঘনিষ্ঠ গণমাধ্যমের

  • রবিবার, ২৮ জুন ২০২৬, ২০:০০
  • ৬২

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এক মন্তব্যধর্মী নিবন্ধে দাবি করেছে, বর্তমান বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বোমা অর্জন ছাড়া ইরানের সামনে আর কোনো কার্যকর বিকল্প নেই।

রোববার (২৮ জুন) প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ইরানের পারমাণবিক প্রতিরোধক্ষমতা (নিউক্লিয়ার ডিটারেন্স) গড়ে তোলা জরুরি।

নিবন্ধে আরও উল্লেখ করা হয়, পারমাণবিক সক্ষমতা অর্জনের পরই ইরান আন্তর্জাতিক আলোচনায় আরও শক্তিশালী ও সুবিধাজনক অবস্থান থেকে অংশ নিতে পারবে। তাদের ভাষ্য অনুযায়ী, এই প্রতিরোধক্ষমতা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি নতুন কৌশলগত ভারসাম্য সৃষ্টি করতে পারে।

ফার্স নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, এমন ভারসাম্য প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে কোনো সামরিক সংঘাত দেখা দিলেও তা নিয়ন্ত্রণে রাখা তুলনামূলক সহজ হবে এবং বৃহত্তর যুদ্ধের ঝুঁকি কমতে পারে।

তবে নিবন্ধটি একটি মন্তব্যধর্মী বিশ্লেষণ, এটি ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা নয়। এ বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই এ ধরনের মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12665 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 02:50:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh