• হোম > বাংলাদেশ > বেঙ্গল শিল্পালয়ে শুরু ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় ব-দ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ প্রদর্শনী

বেঙ্গল শিল্পালয়ে শুরু ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় ব-দ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ প্রদর্শনী

  • রবিবার, ২৮ জুন ২০২৬, ১৮:২৩
  • ৬৭

---

ই-বাংলাদেশ ডেস্ক 

বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় ব-দ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী। ২৭ জুন থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই আয়োজন।

ব্রিটিশ কাউন্সিলের ‘Women of the World Bangladesh 2026’-এর কমিশনে আয়োজিত এই প্রদর্শনীতে স্থপতিযুগল সায়কা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী তাঁদের দীর্ঘ ষোল বছরের গবেষণা, চর্চা ও স্থাপত্য-ভাবনাকে এক অনন্য শিল্পভাষায় উপস্থাপন করেছেন।

প্রদর্শনীটি মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে—

বঙ্গীয় বদ্বীপে সংস্থাপন

বাংলার বদ্বীপের পরিবর্তনশীল ভূপ্রকৃতি, পানি ও পলির অবিরাম রূপান্তর এবং জলবায়ুগত অনিশ্চয়তার মধ্যেই স্থপতিদের পরিকল্পনা ও নকশাচিন্তার বিকাশ ঘটেছে। সংঘাত নয়, বরং প্রকৃতি, প্রতিবেশ ও অভিযোজনের সঙ্গে সহাবস্থানই তাঁদের স্থাপত্যচিন্তার মূল ভিত্তি।

চর্চা ও তত্ত্ব

দ্রুত নগরায়ণ, পরিবেশগত সংকট এবং সামাজিক বৈষম্যের প্রেক্ষাপটে স্থপতিদ্বয় নারী-সংবেদী, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক স্থাপত্যচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁদের মতে, স্থাপত্য কেবল ভবন নির্মাণের বিষয় নয়; এটি সামাজিক ন্যায়, মর্যাদা, অংশীদারিত্ব ও মানবিকতারও একটি কার্যকর মাধ্যম।

স্থাপনাশিল্প: এক সংবেদীয় ইশতেহার

প্রদর্শনীতে বর্ষা-সহিষ্ণু বিভিন্ন স্থাপনাশিল্প (Installation) প্রদর্শিত হয়েছে। হাতে তৈরি মাটির টালি, বাঁশের দরমা, ছাউনি ও স্থানীয় উপকরণ দিয়ে নির্মিত প্যাভিলিয়নগুলো আলো, বাতাস, বৃষ্টি ও আর্দ্রতার সঙ্গে এক জীবন্ত সম্পর্ক তৈরি করে। ফলে স্থাপনাগুলো শুধুমাত্র প্রদর্শনীর বস্তু নয়, বরং পরিবেশের সঙ্গে ক্রমাগত সংলাপে যুক্ত একটি অভিজ্ঞতা হয়ে উঠেছে।

জনপরিসরে মধ্যবর্তিতা

প্রদর্শনীটি কেবল শিল্পালয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়। নির্বাচিত কিছু স্থাপনা পরবর্তীতে শহরের বিভিন্ন গণপরিসরে সাময়িক আশ্রয়স্থল, ব্রেস্টফিডিং বা নার্সিং পড এবং বিশ্রামকেন্দ্র হিসেবে স্থাপন করা হবে। এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, লিঙ্গ-সংবেদী ও মানবিক নগর-পরিবেশ গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

আয়োজকদের মতে, ‘সহাবস্থানের স্থাপত্য’ প্রকল্পটি দেখায় কীভাবে সংবেদনশীল স্থাপত্যচর্চা জলবায়ু-সহনশীল, সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক গণপরিসর নির্মাণের মাধ্যমে একটি প্রাণবন্ত সমাজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

প্রদর্শনীর কিউরেটরিয়াল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াকিলুর রহমান ও লুভা নাহিদ চৌধুরী।

বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন জোনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছেলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12651 ,   Print Date & Time: Tuesday, 25 August 2026, 09:43:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh