![]()
ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ জুন) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তিন দিন পেরিয়ে গেলেও এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। ভেনেজুয়েলার পাশাপাশি যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ কয়েকটি দেশের উদ্ধারকর্মীরাও এই কার্যক্রমে অংশ নিয়েছেন।
বেসরকারি সূত্রের দাবি, এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের অনেকের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না, কারণ তারা মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি প্রয়োজনের তুলনায় কম। যদিও সরকার বলছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করা হচ্ছে।
ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, প্রতিটি প্রাণ উদ্ধার এখন এক একটি অলৌকিক ঘটনা। এই দুর্যোগের ভয়াবহতা আড়াল করার কোনো সুযোগ নেই।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সরকার সংকট মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করেছে এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরে এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে দুর্যোগকবলিত ঘোষণা করা হয়।