![]()
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের যেকোনো ধারা লঙ্ঘনের জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’। সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রেজাই অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের মিত্র ও প্রক্সি বাহিনীগুলোর কর্মকাণ্ডে সমর্থন দিয়ে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রেখে চুক্তির পঞ্চম অনুচ্ছেদও ভঙ্গ করেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের যেকোনো ধারা লঙ্ঘনের জবাবে ইরান দ্রুত এবং কঠোর প্রতিক্রিয়া জানাবে। তার এই মন্তব্য আসে ইরানের দক্ষিণ উপকূলের একাধিক সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর।
এর আগে হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ‘মূর্খতাপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগ আনেন। এরপরই মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, ওই হামলার কারণে এলাকায় আটকে পড়া নাবিকদের উদ্ধারের একটি পরিকল্পিত অভিযানও স্থগিত করতে হয়েছে।
অন্যদিকে, তেহরানের দাবি, পারস্য উপসাগরের জলপথে অনুমোদনহীন রুট ব্যবহার করায় সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইরান আরও অভিযোগ করেছে, মার্কিন বিমান হামলা দুই দেশের অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির লঙ্ঘন। এর জবাবে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান।