• হোম > খেলা | ফুটবল > জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, বদলি হিসেবে খেলবেন নিশ্চিত করলেন স্কালোনি

জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, বদলি হিসেবে খেলবেন নিশ্চিত করলেন স্কালোনি

  • শনিবার, ২৭ জুন ২০২৬, ২২:২৪
  • ৫৯

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার (২৮ জুন) জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। এরই মধ্যে বড় খবর হলো—শুরুর একাদশে থাকছেন না দলের অধিনায়ক লিওনেল মেসি।

শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি জানান, মেসিকে শুরু থেকে না খেলিয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হবে।

স্কালোনি বলেন, “লিও আগামীকাল বদলি হিসেবে খেলবে, দ্বিতীয়ার্ধে। আমরা ম্যাচের আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করব। যে দল নিয়ে আমরা খেলব, তার সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের কোনো সম্পর্ক নেই।”

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ধরে রাখার সম্ভাবনা রয়েছে। তবে গোলবারেও পরিবর্তন এলে সেটিও বিস্ময়কর হবে না, কারণ জেরোনিমো রুল্লি ও হুয়ান মুসো এখনো টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ পাননি।

এই ম্যাচে কয়েকজন ফুটবলারের বিশ্বকাপ অভিষেকও হতে পারে। সম্ভাব্য অভিষেকের তালিকায় রয়েছেন নিকো পাজ, মার্কো সেনসি, লো চেলসো, ভ্যালেন্টিন বার্কো এবং নিকোলাস গঞ্জালেস। পাশাপাশি এখনো একাদশে সুযোগ না পাওয়া অভিজ্ঞ ফুটবলার লিয়ান্দ্রো পারদেস ও নিকোলাস ওতামেন্ডিও শুরু থেকেই খেলতে পারেন।

আক্রমণভাগে ফর্মে থাকা জুলিয়ান আলভারেজকে শুরু থেকেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলের রোটেশন নিয়ে স্কালোনি বলেন, “যেই খেলুক, আমি সবার কাছ থেকেই সর্বোচ্চ পারফরম্যান্স চাই। দল একই দর্শনে খেলবে। জর্ডান ভালো দল, তাই কোনো কিছুই সহজ ধরে নেওয়ার সুযোগ নেই। আমরা কিছু পরিবর্তন আনব, তবে বলের দখল ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করার পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না।”

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, মার্কো সেনসি, নিকোলাস তাগলিয়াফিকো, লো চেলসো, লিয়ান্দ্রো পারদেস, ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।

রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচটি। নকআউট নিশ্চিত হলেও এই ম্যাচে বেঞ্চের শক্তি যাচাই এবং মূল একাদশের কয়েকজনকে বিশ্রাম দেওয়াই স্কালোনির প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12609 ,   Print Date & Time: Tuesday, 25 August 2026, 06:08:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh