• হোম > এশিয়া | বিদেশ > ইবোলা আতঙ্কে কড়াকড়ি: ভারতে আন্তর্জাতিক যাত্রীদের জন্য বাধ্যতামূলক অনলাইন স্বাস্থ্য ঘোষণা

ইবোলা আতঙ্কে কড়াকড়ি: ভারতে আন্তর্জাতিক যাত্রীদের জন্য বাধ্যতামূলক অনলাইন স্বাস্থ্য ঘোষণা

  • শনিবার, ২৭ জুন ২০২৬, ২০:৩৩
  • ৪৫

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

আফ্রিকার বিভিন্ন দেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত সরকার। জনস্বাস্থ্য সুরক্ষায় দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ‘এয়ার সুবিধা ২.০’ (Air Suvidha 2.0) নামে একটি নতুন কন্ট্যাক্টলেস ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে।

গত ২৫ জুন থেকে কার্যকর হওয়া এই নতুন ব্যবস্থার আওতায় বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে আসা সব আন্তর্জাতিক যাত্রীকে ফ্লাইটে ওঠার আগে অনলাইনে স্বাস্থ্য ঘোষণাপত্র (Health Declaration Form) পূরণ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মধ্য আফ্রিকায় চলমান ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করার পরই ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা ভ্রমণের ২৪ ঘণ্টা আগে Air Suvidha পোর্টালে প্রবেশ করে অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন। বিমানবন্দরে অতিরিক্ত সময় ও ঝামেলা এড়াতে ওয়েব চেক-ইনের সময়ই ফর্মটি পূরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এই স্বাস্থ্য ঘোষণাপত্রে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত এলাকায় সফরের তথ্য এবং জ্বর, শরীর ব্যথা, রক্তপাতসহ সম্ভাব্য উপসর্গ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। ভারতে পৌঁছানোর পর আর আলাদা কোনো কাগজের ফর্ম পূরণ করতে হবে না; অনলাইনে জমা দেওয়া ফর্মই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেখাতে হবে।

ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ও ইমিগ্রেশন বিভাগের কাছে পৌঁছে যাবে, ফলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি আরও দ্রুত পরিচালনা করা সম্ভব হবে।

ভারতের এই পদক্ষেপের পেছনে রয়েছে ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। সংস্থাটি জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারের সংক্রমণ মূলত ইবোলার বিরল ধরন বুন্দিবুগিও ভাইরাস ডিজিজ দ্বারা সৃষ্টি হয়েছে, যার জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

বিশেষজ্ঞদের মতে, ডিআরসি ও উগান্ডার সীমান্তবর্তী দক্ষিণ সুদানসহ আশপাশের দেশগুলোও উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব দেশে সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস থাকলে ভারতে প্রবেশের সময় যাত্রীদের অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে।

গত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলা সংক্রমণে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এলে এই ভাইরাস দ্রুত ছড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস পরিস্থিতিকে উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণযোগ্য বলে উল্লেখ করেছেন। দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ইবোলা পরিস্থিতি মোকাবিলায় আগামী ছয় মাসের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান সিডিসি যৌথভাবে ৫১৮ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে। একই সঙ্গে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সম্পূর্ণ স্পর্শহীন ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12604 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 03:27:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh