• হোম > বিদেশ > ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত জাতীয় যুব দলের ফুটবলার

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত জাতীয় যুব দলের ফুটবলার

  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১৯:০৫
  • ৪৫

---

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন অনূর্ধ্ব-২০ জাতীয় দলের ফুটবলার ইয়িমভার্ট বেরোরতেরান

ই-বাংলাদেশ ডেস্ক

ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন দেশটির অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার ইয়িমভার্ট বেরোরতেরান। গত বুধবার (২৪ জুন) উত্তরাঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর থেকে নিখোঁজ থাকা ১৮ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ)।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৯২০ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ইয়িমভার্ট বেরোরতেরানকে দেশটির ফুটবলের অন্যতম উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচনা করা হতো। তিনি ক্লাব পর্যায়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেছিলেন এবং প্রথম বিভাগের তিনটি ম্যাচেও মাঠে নেমেছিলেন। ফুটবল ক্যারিয়ারের শুরুতেই এমন মর্মান্তিক মৃত্যু শোকের ছায়া ফেলেছে ভেনেজুয়েলার ক্রীড়াঙ্গনে।

এক শোকবার্তায় ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন জানায়, “আজ ভেনেজুয়েলার ফুটবল গভীর শোকের সঙ্গে এমন এক তরুণকে বিদায় জানাচ্ছে, যিনি গর্ব, নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে দেশের জার্সি প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যু ভিনোটিন্টো পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।”

ফেডারেশন আরও জানায়, এই কঠিন সময়ে ইয়িমভার্টের পরিবার, বন্ধু, সতীর্থ, কোচিং স্টাফ এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। তাদের ভাষায়, “ইয়িমভার্ট, তোমার আলো ভিনোটিন্টোর প্রতিটি হৃদস্পন্দনে চিরকাল জ্বলতে থাকবে।”

ইয়িমভার্টের ক্লাব ইউভিসি এফসিও শোক প্রকাশ করে জানায়, “তুমি ছিলে একজন সত্যিকারের যোদ্ধা। তোমাকে আমরা সবসময় মনে রাখব। শান্তিতে ঘুমাও।”

এফভিএফ আরও নিশ্চিত করেছে, ভূমিকম্পে আরও কয়েকজন ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কারাকাস এফসির অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রজান সিজা, মারিটিমো লা গুয়াইরার ফুটবলার রিকার্দো ভেলোজ, জাতীয় বিচ সকার দলের সাবেক কোচিং স্টাফ সদস্য হোসে মিগেল সান্তানা এবং মাত্র ১৪ বছর বয়সী ক্লাব স্পোর্ট সান আগুস্তিনের খেলোয়াড় ভিক্টর আন্দ্রেস পালাসিওস লেদেসমা।

তবে এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও কিছু স্বস্তির খবর মিলেছে। এডউইন পেরেজা, ভ্যালেরি গিল, এডেরসন রামোস, ব্রেইনেলিস মেন্ডোজা, ফাউস্তো এসকোবার, লুইস ওভালেস, এলিয়াস মার্টিনেজ, রুবেন রোভাইনা এবং মাইনেল রন্দোনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভয়াবহ এই মানবিক বিপর্যয়ে শোকস্তব্ধ পুরো ভেনেজুয়েলা। একই সঙ্গে দেশের ফুটবল অঙ্গনও হারিয়েছে ভবিষ্যতের এক সম্ভাবনাময় তারকাকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12596 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 12:26:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh