• হোম > খেলা | ফুটবল > ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯
  • ৩৬

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমান ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। জিলেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে প্রথম ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন পিএসজি তারকা। বিশ্বকাপ ইতিহাসে এটি অন্যতম দ্রুততম হ্যাটট্রিক। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে লেস ব্লুজরা।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তবে নরওয়ের কোচ স্টলে সোলবাকেন হালান্ডকে বিশ্রাম দিয়ে বদলি বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেন। অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথকেও প্রথম একাদশে রাখেননি তিনি।

শুরুর বাঁশি বাজার পর থেকেই নরওয়ের রক্ষণভাগে তাণ্ডব চালান ডেম্বেলে। সপ্তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। ২০ মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন। পরের মিনিটেই থেলো আসগার্ড নরওয়ের হয়ে একটি গোল শোধ দিলেও ৩২ মিনিটে আবারও একই ভঙ্গিতে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে।

বিশ্বকাপ ইতিহাসে এর চেয়ে দ্রুত হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে শুধু অস্ট্রিয়ার এরিখ প্রোবস্টের। তিনি ১৯৫৪ সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে প্রথম ২৪ মিনিটের মধ্যেই তিন গোল করেছিলেন।

আগের ম্যাচে ইরাকের বিপক্ষেও গোল করেছিলেন ডেম্বেলে। ফলে তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চার। এতে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের ওপর গোল করার চাপও অনেকটাই কমেছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নরওয়ে। অস্কার ববকে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় দলটি। কিন্তু জর্জেন স্ট্র্যান্ড লারসেনের দুর্বল স্পট-কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়াঁ। যোগ করা সময়ে হেড থেকে চতুর্থ গোলটি করেন দেজিরে দুয়ে।

এই জয়ে তিন ম্যাচে ১০ গোল করে দারুণ ছন্দে গ্রুপ পর্ব শেষ করল ফ্রান্স। আগামী বৃহস্পতিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেরা তৃতীয় হওয়া একটি দলের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে তারা।

অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে। আগের দুই ম্যাচে ইরাক ও সেনেগালকে হারানোর সুবাদেই শেষ ম্যাচে একাধিক পরিবর্তন এনে খেলানোর সুযোগ পান কোচ সোলবাকেন। আগামী মঙ্গলবার ডালাসে রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

এদিকে ব্যক্তিগত শোকের কারণে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম ম্যাচটিতে দলের সঙ্গে ছিলেন না। মায়ের মৃত্যুর পর দেশে ফিরে যাওয়ায় তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন সহকারী কোচ গি স্তেফাঁ। বিশ্বকাপ শেষে দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব শেষ করতে যাওয়া দেশম শনিবার আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

ডেম্বেলের এই হ্যাটট্রিক তাকে ফরাসি ফুটবলের বিশেষ এক কাতারে জায়গা করে দিয়েছে। বিশ্বকাপে এর আগে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন কেবল জ্যুস্ত ফঁতেন (১৯৫৮ সালে দুইবার) এবং কিলিয়ান এমবাপ্পে, যিনি ২০২২ সালের ফাইনালে তিন গোল করেছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12559 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 03:16:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh